পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে শক্তি পরীক্ষা বিজেপির

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:১২

পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে শক্তি পরীক্ষায় নেমে পড়ল বিজেপি। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বিজেপির যুব মোর্চার নেতা মনিশ শুক্লা খুন হন। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্ন অভিযান করে বিজেপির যুব মোর্চা। সেই অভিযানকে কেন্দ্র করে দিনভর উত্তাল হয়ে ওঠে কলকাতা।

নবান্ন ভবন সংলগ্ন হাওড়া ও কলকাতার হেস্টিংসে দফায় দফায় পুলিশ ও বিজেপির যুব মোর্চা সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি হয়। ইট বৃষ্টি হয়। হাওড়া ময়দান এলাকায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বোমাবাজি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তাদের দাবি, অস্ত্রসহ এক বিজেপি সমর্থককে গ্রেফতার করা হয়েছে। যে বিজেপি সমর্থকের কাছ থেকে পিস্তল উদ্ধার হয়, তার নাম বলবিন্দর সিং। তিনি বিজেপির এমপি অর্জুন সিংয়ের লোক বলে পুলিশ জানিয়েছে। বিজেপির পালটা অভিযোগ, পুলিশ অন্যায়ভাবে তাদের আন্দোলনের ওপর লাঠিচার্জ করেছে। তাতে তাদের বহু সমর্থক আহত হয়েছেন। যাকে গ্রেফতার করা হয়েছে তার অস্ত্রের লাইসেন্স আছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঝাড়গ্রাম সফরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই তিনি ডিজিকে নিয়ে পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেন। পরে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, অনুমতি ছাড়াই করোনা পরিস্থিতিতে জমায়েত করেছিলেন বিজেপির যুব মোর্চার সমর্থকরা। ঘটনায় ১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।