গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি টুঙ্গিপায় পৌঁছে সমাধিসৌধ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সব শহিদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধর্ষণের প্রতিটি ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। আর অপরাধীদের পুলিশ গ্রেফতার করেছে। ধর্ষকদের কী ধরনের শাস্তি হবে এটা নির্ভর করে বিচার বিভাগের ওপর।
শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদ উদ্দিন, কেএমপি কমিশনার মাসুদুর রহমান (ডিআইজি), ডিআইজি (অপারেশন) এম খুরশীদ হোসেন, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার সাঈদুর রহমান খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ দেশের বিভিন্ন জেলার পুলিশ সুপারবৃন্দ ও গোপালগঞ্জ জেলা উপজেলার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
