পরিবেশের ক্ষেত্রে নোবেল পুরস্কারের মতো একটি পুরস্কার প্রবর্তনের ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম। তিনি এজন্য ৬৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৫১ কোটি ৪৬ লাখের বেশি টাকা) অনুদান দেওয়ার কথা জানিয়েছেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্ববাসীকে উত্সাহ দিতেই এই পুরস্কার দেওয়া হবে। পরিবেশের ক্ষেত্রে এটা হবে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। ২০২১ সাল থেকে ‘আর্থশট প্রাইজ’ নামের এই পুরস্কার প্রবর্তন করা হবে। পাঁচটি লক্ষ্য নিয়ে এই পুরস্কার দেওয়া হবে। এগুলো হচ্ছে-পরিবেশের সুরক্ষা, নির্মল বাতাস, সাগরের পরিচ্ছন্নতা, বর্জ্যমুক্ত বিশ্ব এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা। প্রিন্স উইলিয়াম মার্কিন মিডিয়া সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে জানান, প্রতি বছরে পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য পাঁচজনকে এই পুরস্কার দেওয়া হবে।
