সমতাভিত্তিক জাতিসংঘ বিনির্মাণে সরকারের প্রতি প্রতিবন্ধী সংগঠনের আহ্বান

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৯:৪০

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সাইটসেভার্স এবং আটটি তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন সরকারকে জাতিসংঘের প্রতিবন্ধিতা বিষয়ক কমিটি ইউএনসিআরপিডি-তে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মনোনয়ন এবং ভোট প্রদানের মাধ্যমে সমতাভিত্তিক জাতিসংঘ বিনির্মাণের আহ্বান জানিয়েছে। 

আগামী ডিসেম্বরে জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত এই কমিটির নির্বাচন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রসমূহ এই কমিটিতে সদস্যপদ মনোনয়ন দেওয়ার অধিকার রয়েছে। 

জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত কনভেনশন- ইউএনসিআরপিডির এই নির্বাচনকে সামনে রেখে সাইটসেভার্স বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাসমূহকে চিঠি প্রদান করেছে। 

শুক্রবার সাইটসেভার্সের কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো এ চিঠিতে সাইটসেভার্স বাংলাদেশ সরকারকে ইউএনসিআরপিডির কমিটিতে ৫০-৫০ ভাগ নারী-পুরুষ সমতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছে। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটর-এর বরাবর পাঠানো  হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কোভিড-১৯ বৈশ্বিক মহামারি নারী-পুরুষের এবং প্রতিবন্ধী ব্যক্তিদের বৈষম্যকে আরও বেশি শক্তিশালী করেছে।  প্রায় সকল দেশেই প্রতিবন্ধী ব্যক্তিরা কোভিড-১৯ এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনুন্নত ও উন্নয়নশীল দেশের প্রায় ৮০ শতাংশ নারী ও মেয়েরা স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং অন্যান্য মানবাধিকারের ক্ষেত্রে নানা ধরণের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। এমন বাস্তবতায় এবারের জাতিসংঘের প্রতিবন্ধিতা বিষয়ক কমিটি (ইউএনসিআরপিডি)-এর নির্বাচন অন্যান্য বারের তুলনায় আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই সাইটসেভার্স ও তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনসমূহ বিশ্বাস করে ইউএনসিআরপিডি কমিটিতে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি লিঙ্গ বৈষম্য নিরসন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ইত্তেফাক/ইউবি