খিলক্ষেতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:২৬

ভাইয়ের দাবি হত্যা, স্বামীর দাবি আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেতে নিকুঞ্জের একটি বাসায় রোফিকা রুমা ইতি (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ইতির ভাইয়ের দাবি—তাকে হত্যা করা হয়েছে। তবে তার স্বামীর দাবি—গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার ভোরে ইতিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ইতির গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণকপাড়ায়। ইতি স্বামী জামাল হোসেন ও চার বছরের ছেলে এহসান হোসেন ইজাজকে নিয়ে নিকুঞ্জ-২ জামতলা টানপাড়া মতিউর রহমানের দোতলা বাড়ির নিচ তলায় ভাড়া থাকতেন। সাড়ে পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী জামাল একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন।

এ ব্যাপারে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক আব্দুস ছামাদ জানান, সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।