স্থানীয় সরকারভুক্ত ৮৩টি প্রতিষ্ঠানে আজ শনিবার ভোটগ্রহণ। প্রতিষ্ঠানগুলো হচ্ছে— চাঁদপুরসহ সাতটি পৌরসভা, ৭৩টি ইউনিয়ন পরিষদ, ফরিদপুর জেলার চর ভদ্রাসন ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও ঢাকা দক্ষিণ সিটির ৪৪ নম্বর ওয়ার্ড। এর মধ্যে চাঁদপুর পৌরসভা ও দুটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলোতে উপনির্বাচন হতে যাচ্ছে। চাঁদপুরসহ বেশ কয়েকটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোটগ্রহণ করা হবে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে এসব নির্বাচন আটকে ছিল। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচনের বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে বলে জানতে পেরেছি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় সরকারের বেশ কিছু প্রতিষ্ঠানে গত ২৯ মার্চ ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। করোনার কারণে ঐ সময়ের নির্বাচন স্থগিত করা হয়। চলতি মাসে এসব নির্বাচনের ভোটগ্রহণ করতে যাচ্ছে ইসি। নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। প্রচার ও সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য।
দীর্ঘদিন আটকে থাকা চাঁদপুর পৌরসভাতেও আজ শনিবার ভোটগ্রহণ হতে যাচ্ছে। এ পৌরসভায় ইভিএম ব্যবহার করা হবে। এদিন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চেয়ারম্যান এবং জয়পুরহাটের কালাই ও সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে ভোটগ্রহণ হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলোর বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
