বিসিএসআইআর দেশ ও মানুষের উন্নয়নে গবেষণা করবে —বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:২৪

শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন বিসিএসআইআর কে দেশ ও মানুষের উন্নয়নে গবেষণা করতে হবে। তিনি আরো বলেন, এ সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে নতুন নতুন আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করেছে। আমাদের অধিকাংশ গবেষণাগার বিশ্ব মানের। এখন শুধু প্রয়োজন বিজ্ঞানীদের দেশাত্মবোধ ও কাজের আগ্রহ সৃষ্টি করা। আমরা যা কিছু উদ্ভাবন করি তা দেশের মানুষের কল্যাণে পৌঁছে দিতে হবে।

বাঙালিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে। এ জাতি দেশের উন্নয়নে সকল কর্মকাণ্ড করতে পারবে। তিনি সকলকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

বিসিএসআইআর- এ একটি ভ্রাম্যমাণ গবেষণাগার প্রতিষ্ঠার কাজ অচিরেই শুরু হচ্ছে। ফলে দেশের স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কৃষি এবং শিল্পে নিয়োজিত ব্যক্তিবর্গ এ গবেষণাগারের সুফল পাবে।-প্রেস বিজ্ঞপ্তি