নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর অবস্থানে সরকার -------- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০০:৩৩

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সাম্প্রতিক সময়ে নারীর প্রতি যত সহিংসতার ঘটনা ঘটেছে, সব অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। নারীর প্রতি সবধরনের সহিংসতা রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ের তার কার্যালয়ে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ সময় জিইউজের সভাপতি আতাউর রহমান, সহসভাপতি এম এ সালাম শান্ত, সাধারণ সম্পাদক এস এম নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নূরুল আমীন, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. কামাল হোসেন বাবুল ও জিইউজের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আল-মামুন উপস্থিত ছিলেন।

মন্ত্রী জিইউজের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, উন্নত ও সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে জনপ্রতিনিধিদের পাশাপাশি সাংবাদিকদেরও বিশেষ ভূমিকা রয়েছে। তিনি বলেন, সংগঠনসমূহের নিবন্ধন থাকলে দায়বদ্ধতা ও জবাবদিহিতা থাকে। অনিবন্ধিত সংগঠনের কারণে অনেক সময় অনৈতিক ঘটনা ঘটে। তিনি বলেন, ঢাকা থেকে গাজীপুরের যাতায়াত সহজ করতে সড়ক যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। ঢাকা-গাজীপুর মহাসড়কের ওপর চাপ কমাতে বিকল্প রাস্তা নির্মাণ করা হবে।