মির্জাপুরে রাস্তা দখলমুক্ত করতে মোবাইল কোর্ট

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৩:২৮

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তার দুই পাশের ফুটপাত দখল মুক্ত করতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় ৭ দোকানদারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভুমি) অফিস সূত্র জানায়, একটি অসাধু চক্র সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলা সদরের পুরাতন রোড, মসজিদ রোড, কালিবাড়ি রোড, কাঁচাবাজার ও বংশাই রোডসহ বিভিন্ন রাস্তার দুই পাশ দখল করে ব্যবসা করে আসছে। ফলে রাস্তার দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা যানজটের ফলে পৌরবাসিসহ সাধারণ লোকজনের চরম ভোগান্তি বাড়ছে। শহর যানজট মুক্ত রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাস স্টেশনের দুই পাশ এবং কুমুদিনী হাসপাতাল রোড হতে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং কালিবাড়ি রোড হতে বাইপাস পর্যন্ত রাস্তার দুই পাশে গড়ে উঠা অবৈধ ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়েছে। রাস্তা দখল করে অবৈধ ভাবে দোকান গড়ে তোলায় শাকিল, মিন্টু, শামসুল ও এরশাদুজ্জামানসহ ৭ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, উপজেলা সদরের গুরুত্বপর্ণ রাস্তা যানজট মুক্ত না হওয়ায় পর্যন্ত এবং অবৈধ দোকান পাট অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহৃত থাকবে। কোন অবস্থায় রাস্তার দুই পাশ দখল হতে দেওয়া হবে না।

ইত্তেফাক/এমআরএম