গাড়ির চাকায় পাইপ ক্ষয়ে বিস্ফোরণের আশঙ্কা
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বেশ কয়েকটি এলাকার আঞ্চলিক সড়কের কিনারা ও মধ্যখান দিয়ে আবাসিক গ্যাস সংযোগের পাইপলাইন নেওয়া হয়েছে। ছোট-বড় গাড়ির চাকায় ক্ষয় হয়ে যে কোনো সময় এসব পাইপলাইন বিস্ফোরিত হতে পারে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট এলাকার আবাসিক গ্রাহকসহ সড়কে চলাচলকারী গাড়ির চালক ও যাত্রীরা। তারা অবিলম্বে এসব লাইন সড়ক থেকে অপসারণ করার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (বিজিডিসিএল) কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর ও মোকাম ইউনিয়নের আবিদপুর, কোরপাই এলাকাসহ বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ আবাসিক গ্যাস সংযোগের পাইপলাইন রয়েছে। এসব সড়কের আশপাশের বেশ কয়েকটি গ্রামে নেওয়া গ্যাসের লাইন অপরিকল্পিতভাবে বাসা-বাড়িতে টেনে নেওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক স্থানে গ্যাস সরবরাহের পাইপলাইন মাটির নিচ দিয়ে না নিয়ে মাটির উপরিভাগ দিয়ে টেনে নেওয়া হয়েছে। একই উপজেলার ষোলনল ইউনিয়ন এলাকায় গিয়ে দেখা গেছে, ওই এলাকার সড়কে বিপজ্জনক অবস্থায় আবাসিক সংযোগের পাইপলাইন নেওয়া হয়েছে। বুড়িচং উপজেলা সদর থেকে কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে জেলা শহর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান সড়ক ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের রামপুর-বুড়িচং সড়কের শিবরামপুর এলাকায় সড়কের উপরিভাগের পিচ তুলে বিভিন্ন বাসা-বাড়িতে অসংখ্য গ্যাস সংযোগ দেওয়া হয়। গ্যাসের পাইপগুলো মাটির ওপরে থাকায় সড়কে চলাচলকারী বিভিন্ন বাহনের চাকার আঘাতে প্রতিদিনই ক্ষয় হচ্ছে পাইপের ওপরের অংশ।
শিবরামপুর এলাকার স্কুলশিক্ষক নজির আহমেদ, ব্যবসায়ী ফজলু মিয়াসহ অন্তত ১২ জনের সঙ্গে কথা হলে তারা জানান, ‘সম্প্রতি এ সড়কের সংস্কার কাজ শুরু হলে বের হয়ে আসে গ্যাস পাইপলাইন। বর্তমানে চলমান কাজের ওপরের অংশে থাকা গ্যাস পাইপের ওপর দিয়ে প্রতিদিন শত শত ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেলসহ হালকা ও ভারি নানা বাহন চলাচল করছে। এসব বাহনের চাকায় এরই মধ্যে গ্যাস পাইপে মোড়ানো সাদা-কালো প্লাস্টিকের টেপ উঠে পাইপ ক্ষয়ে যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে।’ তাদের অভিযোগ, এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের খুব একটা নজরদারি নেই। সড়কের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপলাইনের বিষয়ে জানতে চাইলে বিজিডিসিএলের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. আবুল বাশার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এলাকাগুলো পরিদর্শন করে এ ধরনের লাইনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
