তারাগঞ্জে রাস্তা ভেঙে যাচ্ছে যমুনেশ্বরী নদীতে

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৩৯

দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

মো. খবির উদ্দিন, তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা

তারাগঞ্জে ঘাটিয়ালপাড়া গ্রামের একটি রাস্তা ভেঙে চলে যাচ্ছে যমুনেশ্বরী নদীতে। এছাড়া ভাঙনের মুখে আছে কয়েকটি বাড়িঘর। দুর্ভোগে পড়েছে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। ঘাটিয়ালপাড়া গ্রামের নূর হোসেন, মৌসুধ আলী, ফাতেমা, আছিয়া খাতুনসহ অনেকে বলেন, বর্ষা মৌসুমের শুরুতে রাস্তাটি ভেঙে পড়ায় এর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে পায়ে হেঁটে পারাপার হচ্ছিলাম; কিন্তু গত কয়েক দিনের ঘন বৃষ্টিতে প্রায় ১০০ গজ রাস্তা ভেঙে পড়েছে। বাড়িঘরও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তারা আরো জানান, রাস্তা ভেঙে পড়ায় তারাগঞ্জ উপজেলা সদরের সঙ্গে চলাচল যোগাযোগ এক রকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের কৃষিপণ্য ও অন্যান্য দ্রব্যাদি নিয়ে চলাচল করতে হচ্ছে অতিরিক্ত সাত থেকে আট কিলোমিটার দূরত্বের  বিকল্প রাস্তা দিয়ে।

শনিবার সরেজমিনে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ঘাটিয়ালপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, অতিবৃষ্টিতে নদীতে পানি ও স্রোত বেড়ে যাওয়ায় দুই দিকের পাড় ভেঙে যেতে থাকে। এক পর্যায়ে নদীটিতে ঘাটিয়ালপাড়ার ভেতর দিয়ে যাওয়া ঐ এলাকার পাঁচ গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি নদীতে ভেঙে পড়ে ও ভাঙনের মুখে পড়ে কয়েকটি বাড়িঘর। গ্রামগুলো হলো—ঘাটিয়ালপাড়া, উজিয়াল, মাছুয়াপাড়া, কাশিয়াবাড়ি, কালুরঘাটপাড়া।

এ ব্যাপারে হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুণ-অর রশিদ বাবুল জানান, ঘাটিয়ালপাড়া গ্রামের নদীভাঙন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। এ ব্যাপারে সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডে কর্মরত কর্মকর্তাকে জানানো হয়েছে। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ঘাটিয়ালপাড়া গ্রামে নদী ভাঙনের বিষয়টি জেনেছি। ঐ এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম বিশ্বাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।