সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণীকে অপহরণ ও তার বৃদ্ধ বাবাকে পেটানোর ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। প্রধান আসামি শামীমকে ১০ দিন এবং লিটন মিয়া, ইলাক উদ্দিন, আক্কা হোসেন, শাহ আলম খান ও কাজল মিয়াকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই ফিরোজ। শনিবার বিকালে জগন্নাথপুর আমল গ্রহণকারী আদালতের বিচারক শুভদীপ পালের আদালতে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আজ রবিবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর রাতে জগন্নাথপুর থানার পাইলগাঁও ইউনিয়নের গুতগাঁও গ্রামের এক তরুণী বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আসামিরা মেয়েটিকে অপহরণ করে। নির্যাতিতার বাবা প্রতিবাদ করলে তাকে আলীগঞ্জ বাজারের ভাড়াটে বাসায় নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে আসামিরা। এ ঘটনায় তরুণী জগন্নাথপুর থানায় ছয় জনকে আসামি করে নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
