করোনার ক্ষতি মোকাবিলায় তরুণদের অর্থনীতির মূল স্রোতে যুক্ত করার তাগিদ

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৪৭

ইত্তেফাক রিপোর্ট

করোনাকালে দেশের বিপুল সংখ্যক তরুণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই সময়ে অনেক ছোট-বড় উদ্যোগ দারুণভাবে ব্যাহত হয়েছে। অন্যদিকে কাজ হারিয়ে অনেককে শহর ছেড়ে গ্রামে ফিরতে হয়েছে। অথচ ১৮ থেকে ৩৫ বছর বয়সি প্রায় ৫ কোটি তরুণ উদ্যোক্তার হাতেই অর্থনীতি মূল ট্র্যাকে ফেরার চাবিকাঠি। বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির গতি ফেরাতে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তাদের উপযোগী নীতি সহায়তা প্রয়োজন। যাতে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে ধরে রাখা সম্ভব হয়। গতকাল শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিক্স আয়োজিত এক অনলাইন সেমিনারে (ওয়েবিনার) বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

এ সময় বক্তারা বলেন, করোনা লাখ লাখ তরুণের রুটি-রুজির পথ রুদ্ধ করে দিয়েছে। এই সময়ে ইন্টারনেট ব্যবস্থা অনেকের জন্য অর্থ উপার্জনে সহায়ক শক্তি হলেও শহর ও গ্রামে এই সুযোগ পাওয়ায় বৈষম্য থাকায় সবার জন্য তা সমান সুবিধা আনতে পারেনি। ‘বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষিতে উদ্ভাবন ও তরুণ’ শীর্ষক ওই ওয়েবিনারে বিষয়ভিত্তিক আলাদা তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, করোনা মোকাবিলায় সরকার বেশকিছু পদক্ষেপ নিলেও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর গড়িমসিতে তা সঠিকভাবে আলোর মুখ দেখছে না।

ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, তরুণরা দেশের ভবিষ্যত্ অর্থনীতিতে নেতৃত্ব দেবে। এজন্য নীতি কৌশল তাদের কল্যাণের উপযোগী করে তৈরি ও বাস্তবায়ন হওয়া দরকার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের শিক্ষক রেহানা পারভীন ও সারা তাসনীম প্রমুখ।