রাস্তার কাজে কচ্ছপ গতি

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২১:৫৩

নওগাঁর পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘির সান্তাহার গোলচত্বর থেকে মালশন মোড় পর্যন্ত রাস্তার ধীরগতির কাজে দুর্ভোগ পোহাতে হচ্ছে অর্ধ-শতাধিক গ্রামের মানুষকে। চার মাস আগে পৌর শহরের প্রায় দুই কিলোমিটার এই জনগুরুত্বপূর্ণ রাস্তায় ইটের খোয়া আর বালু ফেলার পর থেকে কাজ বন্ধ রয়েছে। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার পথচারী। ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে রাস্তাটির কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু দুই মাস কাজ চলার পর কাজ বন্ধ হয়ে যায়। এই রাস্তা দিয়ে মালশন, ছাতনী, ঢেকড়া, রাণীনগর উপজেলার মানুষ ছাড়াও চলাচল করে হাজারো যানবাহন। গোলচত্বর থেকে মালশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তায় যাতায়াত করা বিশেষ করে বয়স্কদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। খানাখন্দে ভরপুর এই রাস্তায় একটু বৃষ্টি হলে তো কথাই নেই। পথচারীদের দুর্ভোগের শেষ থাকে না। রাস্তাটি এভাবে আর কতদিন থাকবে নাকি অচিরেই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে? বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুর রউফ রিপন

নওগাঁ