আজ মুখোমুখি মাহমুদউল্লাহ-নাজমুল একাদশ
n জৈব সুরক্ষা বলয়ে থাকবে দল তিনটি
n ফেসবুকে সম্প্রচার হবে ম্যাচ
n বেতারে ম্যাচের ধারাবিবরণী প্রচারিত হবে
n ক্রিকেটারদের জন্য থাকছে অর্থ পুরস্কার
জান-ই-আলম
সীমানা দড়ির একটু দূরে গ্যালারির দেওয়াল বিবর্ণ হয়ে গেছে। গতকাল সকাল থেকেই দেওয়ালে রঙ করা হচ্ছিল। ড্রেসিংরুমের ওপরে বসানো কৃত্রিম ঘাসগুলো ছেঁটে ছোট করা হচ্ছে। মাঠে টানা কাজে ব্যস্ত গ্রাউন্ডসম্যানরা। বিসিবি কার্যালয়ে নানা আয়োজনের তোড়জোড়। ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে প্রেসবক্স। করোনাকাল বলেই ফটো-সাংবাদিকদের বসার অস্থায়ী জায়গাও ঠিকঠাক করা হচ্ছিল।
সবমিলিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল আন্তর্জাতিক সিরিজের আবহই দেখা গেল। করোনার কারণে দর্শক থাকছে না। খেলার প্রাণ দর্শকদের বসার স্থান গ্যালারিতে তাই পরিচ্ছন্নতাকর্মীদের ব্যস্ততা দেখা গেল না।
ঘটা করে ট্রফি উন্মোচন হয়েছে হোটেল সোনারগাঁয়ে। এখানে জৈব সুরক্ষা বলয়ে থেকে বিসিবি প্রেসিডেন্টস কাপ খেলবেন তিন দলের ক্রিকেটাররা। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত নতুন জার্সি গায়ে ট্রফির সঙ্গে ফটোসেশনে অংশ নিলেন। পরে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট নিয়ে কথাও বললেন।
জাতীয় দল, এইচপির ক্রিকেটার মিলে দেশের শীর্ষ ৪৫ ক্রিকেটার নিয়ে গঠন করা হয়েছে তিনটি দল। তামিম একাদশ, মাহমুদউল্লাহ একাদশ, নাজমুল একাদশ ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে লড়বে। সাত ম্যাচের বিসিবি প্রেসিডেন্টস কাপ শুরু হচ্ছে আজ। দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টায়। আজ উদ্বোধনী ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ।
গ্যালারিতে দর্শকের হর্ষধ্বনি থাকবে না। তবে ক্রিকেটপ্রেমীরা ঠিকই টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ‘বিসিবিটাইগারক্রিকেট’ ফেসবুক পেজে সম্প্রচার করা হবে ম্যাচগুলো। ২৩ অক্টোবর ফাইনাল সম্প্রচারিত হতে পারে টিভিতে।
গতকাল বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকার অর্থ পুরস্কার দেওয়া হবে এই টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন দল ১৫ লাখ, রানার্সআপ সাড়ে ৭ লাখ, টুর্নামেন্ট সেরা খেলায়াড় ২ লাখ টাকা পুরস্কার পাবেন। সঙ্গে সেরা বোলার, সেরা ব্যাটসম্যান, সেরা ফিল্ডার, ম্যান অব দ্য ফাইনাল ১ লাখ টাকা করে পাবেন। প্রতি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ৫০ হাজার, সেরা বোলার-ফিল্ডার-বোলার ২৫ হাজার টাকা করে পুরস্কার পাবেন।
দর্শকদের মিস করবেন জানিয়ে তামিম বলেছেন, ‘দর্শকদের অবশ্যই মিস করব, কারণ নরমালি আমরা এরকম টুর্নামেন্ট খেলতে পারি না।’ তবে তিন অধিনায়কেরই নজর ট্রফির দিকে। চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আশা আছে তো অবশ্যই চ্যাম্পিয়ন হবার ইনশাআল্লাহ।’ শান্তর বিশ্বাস রয়েছে নিজের দলের প্রতি, ‘আমাদের যেই দল হয়েছে, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব।’
ট্রফি ছাড়তে চান না তামিমও, ‘অবশ্যই, চেষ্টা করব। যেহেতু টুর্নামেন্টে আমরা একটা টিম তাই চ্যাম্পিয়ন হওয়াই আমাদের ইচ্ছা।’
