শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২২:৪৪

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে শুক্রবার রাতে ড্রাম ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে। সংঘর্ষের এ ঘটনা ঘটে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে। নিহতরা হলেন—ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকার আবু হানিফ (৩০) ও একই জেলা গৌরিপুর থানা এলাকার সোহেল রানা (৩৪)। আহত রিপা ও তার স্বামী জানান, তারা সন্ধ্যার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় পাঁচ যাত্রীসহ গাজীপুরের শ্রীপুরের উদ্দেশে রওনা হন। রাত পৌনে ৯টার দিকে সাতখামাইর এলাকায় পৌঁছালে সামনে থাকা ড্রাম ট্রাকটি হঠাত্ গতি কমিয়ে দিলে অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকটির পেছনে গিয়ে স্বজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং তারা দুই জনসহ পাঁচ জন আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক এম এ সাইদ নিলয় আহতদের মধ্যে আবু হানিফ ও সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।