ইত্তেফাক ডেস্ক
দক্ষিণ চীন সাগরের বিবাদপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে চীনের নিবন্ধিত ছয়টি মাছ ধরার জাহাজ এবং ৬০ চীনা নাগরিককে আটক করেছে মালয়েশিয়া। দেশটির সামুদ্রিক কর্তৃপক্ষ চীনা জাহাজ এবং নাগরিকদের আটক করার এই তথ্য গতকাল শনিবার জানিয়েছে। বিশ্ব বাণিজ্যের অন্যতম সামুদ্রিক পথ দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিবেশী অন্য দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে চীনের উত্তেজনা চলছে। দক্ষিণ চীন সাগরের সম্পদের বেশির ভাগের মালিকানা দাবি করে চীন। এ নিয়ে প্রায়ই সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
মালয়েশিয়া বলছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চীনের উপকূলরক্ষী এবং নৌবাহিনীর সদস্যরা অন্তত ৮৯ বার মালয়েশিয়ার সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ করেছে। মালয়েশীয় কর্তৃপক্ষ বলেছে, অনুসন্ধানে আটককৃত জাহাজ চীনের কিনহুয়াংদো শহরে নিবন্ধিত হিসেবে পাওয়া গেছে। জাহাজগুলোতে ছয় জন ক্যাপ্টেন এবং ৫৪ নাবিক ছিলেন। যাদের প্রত্যেকের বয়স ৩১ থেকে ৬০ বছরের মধ্যে। এসব জাহাজ মৌরিতানিয়া যাচ্ছিল বলে ধারণা করা হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে চীনের একটি গবেষক জাহাজ মালয়েশিয়ার দাবিকৃত দক্ষিণ চীন সাগরের বিশেষ অর্থনৈতিক এলাকায় এক মাসেরও বেশি সময় ধরে জরিপ পরিচালনা করে। বিতর্কিত জলসীমায় মালয়েশিয়ার তেল অনুসন্ধানকারী জাহাজের কাছে চীনা জাহাজের অবস্থান সে সময় ব্যাপক উত্তেজনা তৈরি করে। মালয়েশিয়ার এই আটকের বিষয়ে চীন এখনো পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। —ইউএসনিউজ
