আদালতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা, হয়রানি ও অর্থ ব্যয়ের কারণে মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ স্থানীয় পর্যায়ে সমাধানে বেশি আগ্রহী। ইউনিয়ন পর্যায়ে জনগণের জন্য এ ধরনের বিরোধ মীমাংসার জন্য রয়েছে গ্রাম আদালত। পৌরসভা পর্যায়ে রয়েছে বিরোধ মীমাংসা বোর্ড (পৌর এলাকা) আইন ২০০৪। ফলে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের জনগণ তাদের মধ্যে সংঘটিত ক্ষুদ্র বিরোধ আদালতে না গিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার মাধ্যমে মীমাংসার সুযোগ নিতে পারছেন। কিন্তু দেশের ১২টি সিটি করপোরেশনে বসবাসরত প্রায় ২ কোটি মানুষের জন্য এ ধরনের কোনো আইন নেই। ফলে ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য তাদের আদালতের শরণাপন্ন হতে হয়। স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিরোধ নিষ্পত্তির জন্য আইনের প্রয়োজনীয়তা আছে।
নগর আদালত আইন: প্রস্তাবিত রূপরেখা এবং বাস্তবায়নের সম্ভাবনা শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনায় এ বিষয়টি ওঠে আসে। মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন (এমএলএএ), এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরম, বাংলাদেশ, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং নাগরিক উদ্যোগের আয়োজনে গতকাল এই আলোচনা অনুষ্ঠিত হয়। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফরমের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় এমএলএএ-এর প্রধান সমন্বয়ক খান মো. শহীদ, এই প্রস্তাবিত আইনের একটি রূপরেখা উপস্থাপন করেন।
নগর পরিচালনা ব্যবস্থাপনায় স্থানীয় পর্যায়ের বিরোধ নিষ্পত্তি একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করেন স্থপতি এবং নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। আলোচনায় অংশ নিয়ে তিনি অন্তর্ভুক্তিমূলক নগর সুবিধা নিশ্চিতে, নগর আদালত একটা ন্যায়ভিত্তিক ও সামাজিক পরিষেবার সুযোগ সৃষ্টি করবে বলে উল্লেখ করেন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন এই প্রক্রিয়াকে একটি বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা হিসেবে চিন্তা করা যেতে পারে।
