বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করে তার বাসায় ইট-পাটকেল ও ডিম নিক্ষেপ করা হয়েছে। ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিনের ক্ষুব্ধ সমর্থকরা এ কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জা ফখরুলের বাসার সামনে প্রায় হাজার খানেক নেতাকর্মী সমবেত হয়ে বিএনপির মনোনয়ন পাওয়া যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে শ্লোগান দেন। এ সময় কফিল উদ্দিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না সেই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তার সমর্থকরা। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৯ জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে যুবদলের ঢাকা মহানগর সভাপতি এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। গত ১২ সেপ্টেম্বর ঐ ৯ প্রার্থীর সাক্ষাত্কার নেওয়ার দিনে এস এম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সে দিন দুই পক্ষের ১৭ জন নেতাকর্মী আহত হন।
এ ব্যাপারে কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন, কারা ডিম-ইট-পাথর ছুড়েছেন। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম।’ এ দিকে রাজধানীর উত্তরায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলার ঘটনায় গতকাল রাতে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, সারাদেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতনের যে মহামারি চলছে তার বিরুদ্ধে আন্দোলনকে ভিন্নখাতে নিতেই সরকারের এজেন্টরা এ হামলা চালিয়েছে।
