বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে না পারায় জার্মান প্রবাসী ছেলের পরিকল্পনায় সত্ মা সেলিনা খানমকে হত্যার অভিযোগে মো. জান্নাতুল ফেরদৌস নাইম (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত শনিবার রাতে নড়াইল জেলার নড়াগাতি এলাকা থেকে নাইমকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইম পুলিশকে জানায়, জার্মান প্রবাসী ছেলে তার মাকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় তাকে ভাড়া করেন। গত ২ অক্টোবর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে রাজধানীর কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকায়।
ডিবির লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শামুসুল আরেফীন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার নড়াইল থেকে সেলিনা খানম হত্যার মূলহোতা নাইমকে গ্রেফতার করা হয়। নাইমের দেওয়া তথ্যেও ভিত্তিতে রাজধানীর ভাষাণটেক এলাকার তার মামার বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি উদ্ধার করা হয়।
তিনি বলেন, গত ডিসেম্বরে কামরাঙ্গীরচর হুজুরপাড়া এলাকার এস এম ওবায়দুল্লাহর স্ত্রী মৃত্যুবরণ করেন। সাম্প্রতি ওবায়দুল্লাহ সেলিনা খানমকে বিয়ে করেন। বাবার এই দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তার জার্মান প্রবাসী ছেলে বিপ্লব হোসেন। এই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়।
