নাজিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ছয় জন আহত হয়েছেন। গতকাল সদর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তরিকুল ইসলাম (তাপস) ও একই উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান (মিঠুর) সঙ্গে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধ চলছিল। সূত্র জানায়, শ্রীরামকাঠীর জায়নাল খাঁ নামে এক ব্যক্তি ৩৮ শতাংশ জায়গা ক্রয় করেন। একই জায়গা রহিম বেপারী নামে এক ব্যক্তি অন্য অংশীদারের কাছ থেকে ক্রয় করেন। এ নিয়ে মিঠুর গ্রুপ জয়নালের পক্ষ নেন। অপর দিকে রহিম বেপারীর পক্ষে ছাত্রলীগ নেতা তাপস পক্ষ নেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ক্ষোভ ও চাপা উত্তেজনার সৃষ্টি হয়। গতকাল মিঠুর নেতৃত্বে শ্রীরামকাঠী ইউনিয়নের যুবলীগ কর্মীরা নাজিরপুর সদর থেকে ফেরার পথে তাপসের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায়। এ সময় শ্রমিকলীগের সভাপতি বাপ্পি খানসহ, রাজীব, মধু খান, মিরাজ শেখ আহত হন। পরবর্তী সময়ে মিঠুর নেতৃত্বে তাপসের লোকজের ওপরে পালটা আক্রমণ চালায়। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হন।
নাজিরপুর থানার ওসি তদন্ত মো. জাকারিয়া বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
