ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল লেনদেনের প্রথম আধাঘণ্টায় শেয়ারবাজারে পতনের আভাস পাওয়া যায়। লেনদেন শুরুর পর ১৫ মিনিট যেতে না যেতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আধাঘণ্টার লেনদেনে ১২ পয়েন্ট কমে যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পতনের প্রবণতা। গতকাল দিনশেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের এ পতনের দিনে ডিএসইতে অংশ নেওয়া ৮০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২৩৯ প্রতিষ্ঠান এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজারে লেনদেন হয়েছে ৮৭৫ কোটি ১০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৯৪ কোটি ৮১ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮০ কোটি ২৯ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে রূপালী ইনসিওরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রিপাবলিক ইনসিওরেন্স ২৪ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ২০ কোটি ৬১ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফেডারেল ইনসিওরেন্স।
এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বিডি ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি, পূরবী জেনারেল ইনসিওরেন্স, বেক্সিমকো, এক্সপ্রেস ইনসিওরেন্স এবং সন্ধানী লাইফ ইনসিওরেন্স।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৪৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ২২ কোটি ১৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭২ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে। কমেছে ১৭৯টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
