কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়ায় কলেজছাত্রী সামিয়া হত্যার বিচার দাবিতে রবিবার উপজেলা পরিষদের সামনের সড়কে সকাল ১০টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। এ সময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া, ছাত্রলীগ নেতা মশিউর রহমান, সমাজসেবিকা কৈশল্লা বাগচী, কলেজছাত্রী জেরিন খানম বক্তব্য রাখেন। বক্তারা ৭২ ঘণ্টার মধ্যে সামিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। গত ৩ অক্টোবর উপজেলার ডহরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মাদারীপুরের ডাসার ইউমেন্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঐ কলেজ ছাত্রীর মা একটি হত্যা মামলা দায়ের করেন।
