স্পোর্টস ডেস্ক
কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দারুণ এক জয় পাওয়ার পর দুঃসংবাদ শুনলেন ক্যারিবিয়ান অফস্পিনার সুনীল নারাইন। ম্যাচ শেষেই তার বোলিং অ্যাকশন নিয়ে সংশয় প্রকাশ করেছে ম্যাচ অফিশিয়ালরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। শনিবার রাতের ম্যাচে ৪ ওভারে ২৮ দিয়ে ২ উইকেট নিয়েছেন নারাইন। শেষ দিকে মহাগুরুত্বপূর্ণ ২ ওভার করে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।
আপাতত সতর্ক করে দেওয়াদের তালিকায় থাকবে নারাইনের নাম। আরেকবার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে বোলিং থেকে নিষিদ্ধ হবেন ৩২ বছর বয়সি স্পিনার।
বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহভাজনের শিকার হওয়া নারাইনের জন্য নতুন কিছু নয়। প্রথমবার তার অ্যাকশন দুই দফায় প্রশ্নবিদ্ধ হয় ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে। অ্যাকশন নিয়ে কাজ করার জন্য ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।
তাতেও লাভ হয়নি। ২০১৫ আইপিএলে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। তখনো বোলিংয়ের অনুমতি পান। কিন্তু সেবারই অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় আবার। এরপর অ্যাকশন পরীক্ষা করতে পাঠানো হয়। পরীক্ষার পর তার অফ স্পিন ডেলিভারি নিষিদ্ধ হয়। শেষ পর্যন্ত তিনি সতর্কবার্তা শুনেই অবশ্য রেহাই পান।
২০১৫ সালের নভেম্বরে তার অ্যাকশন আবার প্রশ্নবিদ্ধ হয়। এবার আন্তর্জাতিক ক্রিকেটে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। এবারের আগে সবশেষ ২০১৮ পাকিস্তান সুপার লিগে তার অ্যাকশন নিয়ে সংশয় জাগে। সেবারও পরে পেয়ে যান মুক্তি।
