বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় নির্বাচিত কমিটির মাঝে দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। রবিবার ( ১১ অক্টোবর) দুপুর আড়াইটায় সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।
দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে লিগ না হওয়ায় কঠোর সমালোচনা হচ্ছিল চারবারের সভাপতি সালাহউদ্দিনের। তাই জেলায়-জেলায় খেলা ফেরাতে নিজেই এবার দায়িত্ব নিয়েছেন ইমার্জেন্সি কমিটি ও জেলা ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান হিসেবে। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে অঙ্গীকার করেছেন জেলায় লিগ ফেরাবেন তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘এটা আমি প্রতিজ্ঞা করতে পারি, কোনও জেলার লিগ হয়নি- এমটা আর শুনবেন না। প্রত্যেকটা জেলার লিগ হবে। অমুকের দোষ তমুকের দোষ এই ধরনের কোনও আওয়াজই আপনারা শুনবেন না।’
এদিকে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি ও ফাইনান্স কমিটির দায়িত্বে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। ন্যাশনাল টিমস কমিটি ও লিগ্যাল কমিটি দেখভাল করবেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। ঢাকা মেট্রোপলিটন ফুটবল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে সহ-সভাপতি ইমরুল হাসানকে। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সহ-সভাপতি মো. আতাউর রহমান ভুইয়া মানিককে।
এছাড়া টেকনিক্যাল কমিটির পদটি আপাতত খালি রাখা হয়েছে। আগামী ৩১ অক্টোবর আবারও সহ-সভাপতির একটি পদের জন্য লড়বেন তাবিথ আউয়াল ও মহিউদ্দিন মহি। মূল নির্বাচনে দুই জনই সমান ৬৫ করে ভোট পেয়েছিলেন। নির্বাচনে বিজয়ী হবেন যে তাকেই দেয়া হবে এর দায়িত্ব।
এদিকে বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যেও কয়েকজনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। কম্পিটিশন্স কমিটি ও ইন্টারনাল অডিট কমিটি দেখবেন সদস্য হারুন অর রশীদ। কমিটি ফর ওমেন্স ফুটবল মাহফুজা আক্তার কিরণ, ফুটসাল অ্যান্ড বিচ সকার কমিটি সত্যজিৎ দাশ রূপু, জাতীয় স্কুল ফুটবল কমিটি বিজন বড়ুয়া।
কার্যনির্বাহী কমিটির বাইরে ইথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটির চেয়ারম্যান আজমালুল হোসেন কিউসি, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে রয়েছেন আখতার হোসেন খান, ডিসিপ্লিনারি কমিটি মেজবাহ্ উদ্দিন ও আপিল কমিটিতে আছেন আব্দুল মুয়ীদ চৌধুরী।
গেল ৩ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩৯ জন কাউন্সিলর একজন করে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি, চারজন সহ-সভাপতি এবং ১৫ জন সদস্যকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। ২১ পদের জন্য লড়েন মোট ৪৭ প্রার্থী।
একনজরে বাফুফের আওতাধীন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান হলেন যারা:
নং কমিটির নাম চেয়ারম্যান
১। ইমার্জেন্সি কমিটি কাজী মো. সালাহ উদ্দিন
২। প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটি আব্দুস সালাম মুর্শেদী
৩। ন্যাশনাল টিমস কমিটি কাজী নাবিল আহমেদ
৪। ফাইনান্স কমিটি আব্দুস সালাম মুর্শেদী
৫। ঢাকা মেট্রোপলিটন ফুটবল লিগ কমিটি মো. ইমরুল হাসান
৬। ডেভেলপমেন্ট কমিটি জনাব মো. আতাউর রহমান ভুইয়া (মানিক)
৭। টেকনিক্যাল কমিটি নির্বাচিত অপর সহ-সভাপতি
৮। কম্পিটিশন্স কমিটি হারুনুর রশীদ
৯। কমিটি ফর ওমেন্স ফুটবল মাহফুজা আক্তার কিরণ
১০। রেফারিজ কমিটি জাকির হোসেন চৌধুরী
১১। লিগ্যাল কমিটি কাজী নাবিল আহমেদ
১২। ইন্টারনাল অডিট কমিটি হারুনুর রশীদ
১৩। ফুটসাল অ্যান্ড বিচ সকার কমিটি সত্যজিৎ দাশ রূপু
১৪। জাতীয় স্কুল ফুটবল কমিটি বিজন বড়–য়া
১৫। ইথিক্স অ্যান্ড ফেয়ার প্লে কমিটি আজমালুল হোসেন কিউসি
১৬। প্লেয়ার স্ট্যাটাস কমিটি আখতার হোসেন খান
১৭। ডিসিপ্লিনারি কমিটি মেজবাহ্ উদ্দিন
১৮। আপিল কমিটি আব্দুল মুয়ীদ চৌধুরী
১৯। জেলা ফুটবল লিগ কমিটি কাজী মো. সালাহ উদ্দিন
ইত্তেফাক/এসআই
