মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে সম্পূর্ণ করোনামুক্ত দাবি করেছেন। তিনি নির্বাচনের আগে শেষ সপ্তাহে প্রচারণায়ও যাওয়ার আশা প্রকাশ করেছেন। তবে করোনা পরীক্ষায় তার নেগেটিভ ফল এসেছে কিনা সেই বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। এদিকে ট্রাম্পের চিকিত্সক দাবি করেছেন, প্রেসিডেন্টের কাছ থেকে করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি নেই। খবর সিএনএন ও রয়টার্সের
প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল রবিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘আমি সর্বোচ্চ পরীক্ষা (করোনা পরীক্ষা) অতিক্রম করেছি। সর্বোচ্চ মানদ্ল অনুসরণ করেই এটা করা হয়েছে। এর ভিত্তিতে বলতে পারি আমি বেশ ভালো আছি। মনে হচ্ছে, আমার ইমিউনিটি তৈরি হয়ে গেছে। বেজমেন্ট থেকে এখন আমি বাইরে যেতে পারবো। আর আমি ভয়ংকর চীনা ভাইরাসকে পরাজিত করেছি।’ ট্রাম্পের দাবি, পরীক্ষার ফল অনুযায়ী তিনি এখন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি যে, করোনা ভাইরাসে আক্রান্তের পর সুস্থ হলে কারো শরীরে অ্যান্টিবডি তৈরি হয় কিনা। আবার দ্বিতীয়বার কেউ আক্রান্ত হবেন না তারও প্রমাণ পাওয়া যায়নি।
চিকিত্সক শ্যন কনলি এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে করোনা ভাইরাস অন্য কারো শরীরে ছড়ানোর ঝুঁকি নেই। তার শরীর এখন স্বাভাবিক অবস্থায় আছে। তবে করোনা পরীক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের আবার নেগেটিভ এসেছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি শ্যন কনলি। হোয়াইট হাউজও এ বিষয়ে তাত্ক্ষণিকভাবে কিছু জানায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প আবার নির্বাচনি প্রচারণায় যাওয়ার পরিকল্পনা করেছেন। স্থানীয় সময় সোমবার তিনি ফ্লোরিডায় প্রচারণায় যেতে পারেন।
