আটকের পর দাবিকৃত টাকা না পেয়ে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পিটিয়ে এক যুবককে মেরে ফেলার অভিযোগ উঠেছে। নিহত রায়হান আহমদের পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ করা হলেও পুলিশের দাবি—ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়। তবে এসএমপির ডিসি নর্থ আজবাহার আলী শেখসহ পুলিশের কয়েক জন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন বলে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার ইত্তেফাককে জানান। তিনি জানান, তদন্তে পুলিশের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। নিহত রায়হান আহমদ (৩৪) নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। এক সন্তানের জনক রায়হান নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ ডা. আবদুল গফফারের চেম্বারে চাকরি করত বলে জানা যায়।
রায়হানের মা সালমা বেগম ও চাচা হাবিবুল্লাহ অভিযোগ করেন, কর্মস্থল থেকে ফিরতে দেরি দেখে শনিবার রাত ১০টার দিকে রায়হানের মোবাইলে ফোন দেন তার মা ও স্ত্রী। কিন্তু ফোন বন্ধ পান। ভোর ৪টা ২৩ মিনিটের দিকে মায়ের মোবাইল ফোনে অপরিচিত একটি নম্বর থেকে কল দিয়ে রায়হান জানায় পুলিশ তাকে ধরে বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে এসেছে। এখন তার কাছে ১০ হাজার টাকা ঘুষ চাচ্ছে। টাকা দিলে পুলিশ তাকে ছেড়ে দেবে।
এ কথা শুনে রায়হানের মা তার চাচাকে ৫ হাজার টাকা দিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পাঠান। রায়হানের চাচা হাবিবুল্লাহ রবিবার ভোরে রায়হানকে ছাড়িয়ে আনতে বন্দরবাজার গেলে ফাঁড়িতে সাদা পোশাকে থাকা এক পুলিশ সদস্য বলেন, আপনার ১০ হাজার টাকা নিয়ে আসার কথা, ৫ হাজার টাকা নিয়ে এলেন কেন? চলে যান, রায়হান এখন ঘুমাচ্ছে। আর যে পুলিশ কর্মকর্তা তাকে ধরে এনেছেন তিনিও ফাঁড়িতে নেই। আপনি পুরো টাকা নিয়ে সকাল ৯টায় আসেন। তাকে আমরা কোর্টে চালান করব না। এ কথা শুনে রায়হানের চাচা বাসায় চলে যান এবং পরে সকাল ৯টার দিকে টাকা নিয়ে ফের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আসেন। এ সময় পুলিশ সদস্যরা জানান, অসুস্থ হয়ে পড়ায় সকাল ৭ টার দিকে রায়হানকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ খবরে হাবিবুল্লাহ দ্রুত ওসমানী মেডিকেলে গিয়ে জানতে পারেন রায়হানের লাশ মর্গে পড়ে আছে।
এদিকে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন রবিবার বিকেলে আখালিয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশ তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে নেয়। রবিবার ভোরে রায়হানের মৃত্যুর পর পুলিশের পক্ষ থেকে জানানো হয় কাষ্টঘর এলাকায় ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে।
