ফুলবাড়ীতে নদীতে মাছ ধরতে গিয়ে পানির গভীরে তলিয়ে এক ব্যক্তি নিখোঁজ

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৭:১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর গভীরে তলিয়ে সুমন হোসেন (২৩) নামের একজন নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছে।

ঘটনাটি সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বেলতলী মহাশ্মশান ঘাট এলাকায় ঘটে। সুমন হোসেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাঙ্গামাটি ছোয়ানী গ্রামের সামসুর মুন্সীর ছেলে।

নিখোঁজ সুমন হোসেনের বড়ভাই মো: সুজন বলেন, তার ছোটভাই সুমন হোসেন পেশায় একজন নির্মাণ শ্রমিক। দুই সপ্তাহ থেকে কোন কাজকর্ম না থাকায় সোমবার সকাল সাড়ে ৯ টায় তার কয়েকজন বন্ধু নিয়ে মাছ ধরতে যান ছোট যমুনা নদীর বেলতলী মহাশ্মশান ঘাট এলাকায়। সাড়ে ১০ টার দিকে সুমনের জাল নদীতে কোন কিছুর মধ্যে আটকা পড়ে। জালকে ছুটানোর জন্য সুমন নদীতে নেমে ডুব দেওয়ার পর দীর্ঘ সময়েও সে ওপরে না আসায় তার সঙ্গীরা চিৎকার শুরু করেন। আশপাশের লোকজনসহ বালুমহলের লোকজন ছুঁটে এসে নদীর পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজনও এসে তার কোন খোঁজ করতে না পেরে রংপুর ডুবুরীদলকে খবর দেন। ডুবুরী দল বিকেল সাড়ে ৩ টার মধ্যে এলাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন।

ফুলবাড়ী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা সোহেন রানা বলেন, স্থানীয়ভাবে নদীর পানিতে নিখোঁজ সুমন হোসেনকে উদ্ধারের জন্য সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থানীয় ফায়ার স্টেশনে ডুবুরী দল না থাকায় রংপুরের ডুবুরীদলকে খবর দেওয়া হয়েছে। তারা বিকেল মধ্যে এলাকায় পৌঁছে সুমন হোসেনকে উদ্ধারের জন্য কাজ শুরু করবেন।
  

ইত্তেফাক/এমএএম