গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে মজুরি কাঠামো নিয়ে পোশাক কারখানায় ব্যাপক ভাঙচুর ও সহিংসতা সৃষ্টির অভিযোগে ৫ জনকে শনিবার সকালে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে- মোঃ শামীম (২৪), মোঃ রোমান (২৭), মোঃ আলমগীর হোসেন (২৪), মোঃ আবু সাঈদ (৩২) ও মোঃ সোহেল সরকার (২৪)।
র্যাব-১ সূত্র জানায়, গত ৯ জানুয়ারি থেকে শ্রমিকদের আন্দোলনে বিভিন্ন গার্মেন্টসে ব্যাপক ভাঙচুর ও সহিংসতার ঘটে। এতে শ্রমিক নামধারী কিছু সন্ত্রাসী সাধারণ শ্রমিকদের ব্যবহার করে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। র্যাবের তদন্তে বেরিয়ে আসে যে, সাধারণ শ্রমিকদের ব্যবহার করে একশ্রেণির সন্ত্রাসী পোশাক কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছিল। তারা রাস্তা অবরোধ সৃষ্টি, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছে। এ ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করতে র্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। পরে র্যাব সদস্যরা ওই পাঁচ সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সবাই টঙ্গীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে। তাদের বাড়ি ময়মনসিংহ, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও ফেনী জেলায়।
