স্পোর্টস রিপোর্টার
বাফুফের নবনির্বাচিত কমিটি গতকাল দুপুরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিল। দুই-এক জন ছাড়া পুরো কমিটির কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। ৩ অক্টোবর নির্বাচন হয়। গত সোমবার প্রথম সভায় বসেছিল কমিটি। আর গতকাল দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে ফুটবলার সালাহউদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা জানায় বাফুফে। শ্রদ্ধা নিবেদনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কাজী সালাহউদ্দিন। বাফুফে সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুর কাছে আমরা কৃতজ্ঞ। বাফুফেতে আমি এবং আমরা যেখানে বসেছি এটার সবচেয়ে বড় অবদান উনার। ৭১ সালে উনার ডাকে আমরা সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। উনার ডাকে দেশ স্বাধীন হয়েছিল। আমারা স্বাধীন দেশের নাগরিক। উনি (বঙ্গবন্ধু) যদি দেশ স্বাধীন না করতেন তাহলে আজ আমরা কে কোথায় থাকতাম কে জানে।’
স্ট্রাইকার কাজী সালাহউদ্দিন ১৯৭০ সালে মোহামেডানে খেলেছেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর জেষ্ঠ পুত্র শেখ কামালের গড়া নতুন প্রজন্মের দল আবাহনীর জার্সি গায়ে তোলেন তিনি। ১৯৮৪ সালে আবাহনীতেই তাঁর ফুটবল ক্যারিয়ার শেষ করেন। তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ার শেষে সালাহউদ্দিন ক্লাব ফুটবল এবং জাতীয় দলের কোচ হয়েছিলেন। জাতীয় দলের কর্মকর্তা হন এবং পরবর্তিতে তিনি বাফুফের সভাপতি নির্বাচিত হন ২০০৮ সালে। এরপর দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতিও নির্বাচিত হন সালাহউদ্দিন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন বলেন, বাফুফের সভাপতি, সহসভাপতি, সদস্য আমরা আজকে বাফুফেতে এসেছি উনার কারণে (বঙ্গবন্ধু)। সাফের সভাপতি ১০ বছর ধরে, এসবই হয়েছে দেশ স্বাধীন হওয়ার কারণে বঙ্গবন্ধুর কারণে। আল্লাহ যেন উনাকে বেহেস্তের সবচেয়ে ভালো স্থানে রাখেন। আল্লাহ উনার পরিবারের সবাইকে বেহেস্ত নসিব করুন।’
