বুড়িগঙ্গার আদি চ্যানেল দখলকারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:১৩

রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের জায়গা চিহ্নিত করতে বিশেষ জরিপ দল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে ঐ জরিপ দলকে সিএস/আরএস অনুসারে নদীর জায়গা চিহ্নিত করে নাম-ঠিকানাসহ অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে তা আদালতে দাখিলের জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

আদেশে জরিপ দল গঠনের জন্য জরিপ অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। একই সঙ্গে জরিপ দলে ঢাকা জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর প্রতিনিধিকে রাখতে বলা হয়েছে। ডিএমপি কমিশনারকে জরিপ দলকে সব ধরনের সহযোগিতা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি জানান, ২০০৯ সালে হাইকোর্ট এক রায়ে ঢাকার আশপাশে চার নদীর সীমানা জরিপ করে দখলদারদের উচ্ছেদসহ ৯ দফা নির্দেশনা দেয়। ঐ রায়ের আলোকে জরিপের সময় হাজারীবাগ-কামরাঙ্গীরচর এলাকার বুড়িগঙ্গা নদীর অংশ আদি চ্যানেলের বাইরে থাকায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একটি সম্পূরক আবেদন করা হয়। এতে জরিপ করে দখলদারদের চিহ্নিত করার আবেদন জানানো হয়।