বিএনপির ১২ নেতা বহিষ্কার

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০০:১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসায় ডিম ও পাথর নিক্ষেপের ঘটনায় দলের ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানা কমিটির এসব নেতাকে বহিষ্কার করা হয়। গতকাল সোমবার মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠণতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বহিষ্কৃতরা হলেন: দক্ষিণখান থানা বিএনপির সহসভাপতি ফুল ইসলাম, সদস্য নাজিমউদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন, ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমানউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোখলেছ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম ও মতিউর রহমান মতি, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হান্নান মিলন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক আবদুল কাদের স্বপন, শ্রমবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ এবং উত্তরখান থানা বিএনপির সদস্য নূর মোহাম্মদ।

গতকাল শনিবার ঢাকা-১৮ আসনের মনোনয়নবঞ্চিতদের সমর্থকেরা মির্জা ফখরুলের বাসায় ইট-পাথর ও ডিম নিক্ষেপ করেন। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হন দলের হাইকমান্ড। গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করা হয়। জানা গেছে, হামলার ঘটনায় কারা কারা উপস্থিত ছিলেন ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। এরপর তাদের সঙ্গে কথা বলে এ ঘটনার পেছনে কারা জড়িত তাদের শনাক্ত করা হয়। ঘটনায় জড়িত থাকার উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত  নেওয়া হয়েছে।