বিএনপিকে সংসদে যোগদানের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ০৯:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে গণতন্ত্রের স্বার্থে জনমতের প্রতি সম্মান দেখিয়ে সংসদে যোগদানের আহ্বান জানিয়ে বলেছেন, ‘তারা (বিএনপি) যদি চায় তাহলে গণতন্ত্রের স্বার্থে তাদের সংসদে আসা প্রয়োজন। তাদের কৃতকর্মের জন্য, দুর্নীতির জন্য যেসব মামলা হয়েছে সেসব মামলা তার আপন গতিতে চলবে। কেননা বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।’

শেখ হাসিনা গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী সংসদের যৌথ সভার প্রারম্ভিক ভাষণে এ কথা বলেন।

নিজেদের দোষেই এবারের বিএনপি’র ভরাডুবি হয়েছে, এমন ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি নির্বাচনে হেরেছে এই দোষ তারা কাকে দিবে। দোষ দিলে নিজেদেরকেই দিতে হয়। কারণ, একটি রাজনৈতিক দলের যদি নেতৃত্ব না থাকে, মাথাই না থাকে তাহলে সেই রাজনৈতিক দল কিভাবে নির্বাচনে জেতার কথা চিন্তা করতে পারে। পলাতক আসামি দিয়ে রাজনীতি করতে গেলে কি রেজাল্ট হতে পারে সেটাই তারা পেয়েছে। তবে, তাও এতটা হত না তারা যদি নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে মনোনয়ন বাণিজ্যটা না করতো। তাহলে হয়তো আরো ভাল রেজাল্ট করতে পারতো।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশটা তো ছোট সকলের খবরই জানা যায়- যেসব নেতারা হয়তো নির্বাচনে জয়ী হবার মত নেতা, তাদের বাদ দিয়ে মোটা অংকের টাকা যারা দিতে পেরেছে তাকে মনোনয়ন দিয়েছে। একই আসনে ৩ থেকে ৫ জন নেতা আবার সেই মনোনয়ন দেওয়া নিয়ে তাদের অফিসে যে মারামারি, ভাংচুর, জামা ছেঁড়াছেঁড়ি-তার থেকে তো মানুষ জানতেই পেরেছে যে, এদের চরিত্রটা কি।’

আরো পড়ুন: চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দেশের ৬৫ ভাগ তরুণ প্রস্তুত

এবারের নির্বাচনকে শান্তিপূর্ণ আখ্যায়িত করে শেখ হাসিনা গুটিকতক স্থানে বিএনপি-জামাতের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে বলেন, ‘কোথাও তারা ব্যালট বাক্স ছিনতাই করতে গেছে, কোথাও তারা নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করেছে এবং তাদের অপকর্মের জন্য বেশ কিছু প্রাণহানি ঘটেছে। যার মধ্যে আমাদের দলের নেতা-কর্মীরাও রয়েছে।’

 এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, এইচ টি ইমাম, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/মোস্তাফিজ