ছাত্রলীগের পরিচয় দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি বিভাগের এক ছাত্রীসহ তার মা-বোনকে গণধর্ষণের হুমকি দিয়েছে এক ব্যক্তি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ বিষয়ে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নন। দেশে একের পর এক হওয়া ধর্ষণের ঘটনা এবং বিচারহীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। কিন্তু এসকল পোস্টের জেরেই আমিসহ আমার মা-বোনকে সোমবার আনুমানিক রাত ১ টার দিকে হাসান আল মামুন নামের এক ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে এ হুমকি প্রদান করা হয়।
হুমকিদাতা হাসান আল মামুন দাবি করেন, তাদের হাজার হাজার কর্মী বাহিনী রয়েছে এবং ঐ শিক্ষার্থীর ক্ষতি করতে তাদের ১ সেকেন্ড প্রয়োজন। এসময় হুমকি প্রদানকারী নিজেকে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার কর্মী হিসেবে দাবি করেন এবং বশেমুরবিপ্রবির ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করেন।
আরও পড়ুন: ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
এ বিষয়ে মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, রাজনীতির সাথে জড়িত থাকায় অনেকেই তাকে চেনে, তার নাম জানে। কিন্তু তিনি হয়ত তাদের সবাইকে চেনেন না। হতে পারে তাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ তার নাম ব্যবহার করেছে। তবে তিনি বিষয়টি জানার পরেই এই ফেসবুক আইডির বিষয়ে থানায় জিডি করেছেন এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এছাড়া বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর আলম বলেন, একজন ছাত্রলীগ কর্মী হিসেবে আমি মনে করি ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করতে ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের হুমকি প্রদান করার ঘটনা ঘটতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী আমাকে বিষয়টি জানিয়েছে। আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীকে সকল ধরনের সহযোগিতা করবো। সে লিখিত অভিযোগ প্রদান করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ল সেল এবং যৌন নির্যাতন প্রতিরোধ সেল সমন্বিতভাবে কাজ করবো এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবো।
ইত্তেফাক/এএএম
