আলী খানের স্বপ্নে যুক্তরাষ্ট্রের ক্রিকেট

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানে জন্ম তার। সেখানকার আর সব তরুণের মতোই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু ১৯ বছর বয়সে আমেরিকাতে চলে এলে সেই স্বপ্ন থমকে যাবে বলে মনে হয়েছিল। কিন্তু প্রথম যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে ডাক পেয়েছেন আলী খান। আর এখন স্বপ্ন দেখেন, নিজে পারফরম করে যুক্তরাষ্ট্রের ক্রিকেটের নাম ছড়িয়ে দেওয়ার।

আলী খান জানেন, আমেরিকার ক্রিকেটার বলে তার দিকে লোকদের নজর থাকবে। তাই তিনি বলছিলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আসা একজন হিসেবে সবার দৃষ্টি থাকবে আমার দিকে। তবে আমি এটিকে চাপ নয়, বরং প্রেরণা হিসেবে দেখছি। আমার সামর্থ্য দেখাব। এটি আমাকে দেখাতে সহায়তা করবে যে, যুক্তরাষ্ট্রে আরো অনেক প্রতিভা আছে।’

যুক্তরাষ্ট্রের ক্রিকেট অবশ্য এখনো সর্বোচ্চ স্তর থেকে অনেক দূরে অবস্থান করছে। কিন্তু আলী খান বলছেন, তারা সেখানে এখন ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন, ‘আমাদের ভালো সুযোগ-সুবিধা এবং ফ্লোরিডায় একটি জাতীয় স্টেডিয়াম আছে, যা যুক্তরাষ্ট্রের সেরা স্টেডিয়াম। এখানে সত্যিই এখন ক্রিকেট এগিয়ে চলেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ক্যারিবীয় দেশগুলোর বড় সম্প্রদায় এখানে আছে, যা ক্রিকেটের উন্নতিতে সহায়তা করছে।’