ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাবি শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২১:৫৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনের প্যারিস রোডে এই কর্মসূচি পালিত হয়। রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে মানববন্ধনে সহসভাপতি অধ্যাপক সায়েদুজ্জামান মিলন, সদস্য অধ্যাপক রেজাউল করিম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু প্রমুখ বক্তব্য দেন। শুধু ধর্ষণকারীকেই নয়, এর আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে অধ্যাদেশ জারির জন্য সরকারকে ধন্যবাদ জানান তারা।