মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
মিঠাপুকুরে গুলসান (৩৫) নামে এক চা-বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড এলাকার ব্র্যাক অফিসসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। সে লতিবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, রাতে সে তার চায়ের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ব্র্যাক অফিসের কাছাকাছি পৌঁছলে হেলমেটধারী দুই ব্যক্তি তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিত্কারে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারে জোরালো অভিযান চলছে।
