বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের অক্ষরে লেখা :তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:২২

বাসস

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সুগভীর, বহুমাত্রিক ও রক্তের অক্ষরে লেখা’। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক অকৃত্রিম ও অতুলনীয়, যার সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা চলে না। আমাদের দুই দেশের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের সৈন্যরা রক্ত দিয়েছেন। আমাদের ১ কোটি মানুষকে ভারত সরকার আশ্রয় দিয়েছিল। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন ইতিহাসের পাতায় এটি লিপিবদ্ধ থাকবে।’ তথ্যসচিব কামরুন নাহার ও মন্ত্রীর দপ্তরের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকের ওপর আলোকপাত করে তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি মুজিববর্ষের মধ্যেই সমাপ্ত করার পরিকল্পনা এবং বাংলাদেশি পরিচালক ও ভারতীয় সহপরিচালকের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের ওপরে যৌথভাবে প্রামাণ্যচিত্র নির্মাণ নিয়ে আমরা আলোচনা করেছি। তিনি বলেন, একই সঙ্গে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে যাতে উভয় দেশ উপকৃত হয় বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যাতে চট্টগ্রাম বন্দর সহজে ব্যবহার করতে পারে, সেখানে সড়ক ও রেল সংযোগ যাতে দ্রুত চালু হয়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।