যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী (ডেপুটি সেক্রেটারি অব স্টেট) স্টিফেন ই. বিগান এক রাষ্ট্রীয় সফরে আজ বুধবার বাংলাদেশে আসছেন। সফরকালে তিনি কোভিড-১৯ মোকাবিলা, পুনরুদ্ধার প্রচেষ্টা ও টেকসই অর্থনীতির জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উপ-পররাষ্ট্রমন্ত্রী বিগান আজ বিকালে ঢাকায় আসবেন। ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরকালে তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত্ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনর্নিশ্চিত করবেন। বাংলাদেশ সফরে ডেপুটি সেক্রেটারি বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশে আসার আগে তিনি ভারত সফর করেন। সেখান থেকেই আজ ঢাকায় আসছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ করবেন বলে জানা গেছে। এরপর দুপুরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্কালে মার্কিন সরকারের পক্ষ থেকে করোনা চিকিত্সার সামগ্রী হস্তান্তর করবেন। এছাড়া আজ স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের দেওয়া এক নৈশভোজে অংশ নেবেন তিনি।
