রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির নানিয়ার চরে সেনা টহলে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পালটা গুলিবর্ষণ করে। এতে দুই সন্ত্রাসী নিহত ও এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত সেনাসদস্য শাহাবুদ্দিনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়। তার বাঁম কাঁধে গুলিবিদ্ধ হয়। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে নানিয়ারচরের বুড়িঘাট রউফ টিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনী তল্লাশি চালিয়ে একটি একে-২২ এসএমজি অটোম্যাটিক রাইফেল উদ্ধার করে। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তল্লাশি চলছিল।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জোনের একটি সেনা টহলদল রউফ টিলা এলাকায় ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য অভিযানে যায়। এ সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। সেনাসদস্যরা পালটা গুলি করলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
