স্টাফ রিপোর্টার, রংপুর
মিঠাপুকুরে স্ত্রীর পরকীয়ার জেরে গুলশান মিয়া (৩২) নামে এক চা-বিক্রেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি, স্ত্রীর পরকীয়ার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গুলশান উপজেলার মমিনপুর গ্রামের আব্দুল হকের ছেলে। এ ঘটনায় নিহতের পিতা আব্দুল হক বাদী হয়ে মামলা করেছে। পরে গতকাল স্ত্রী সেলিনা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করেছে মিফাপুকরি থানা পুলিশ।
মিঠাপুকুর পুলিশ সূত্র জানা গেছে, গুলশান গত সোমবার মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুর্গাপুরে ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে হেলমেটধারী দুই ব্যক্তি তাকে উপর্যুপরি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গুলশানকে রংপুর মেডিক্যল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে পরকীয়ায় গুলশানের স্ত্রী প্রেমে জড়িয়ে পড়েন। এতে বাধা দেওয়ায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর আগে এই পরকীয়ার ঘটনায় গ্রামে সালিশ বৈঠকও হয়েছিল।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, এ ঘটনায় গুলশানের স্ত্রী সেলিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তিনি জানান এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার অভিযান চলছে।
