চলতি বছরেই যৌথ নদী কমিশনের বৈঠক হতে পারে :পররাষ্ট্রসচিব

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০০:১৯

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার অভিন্ন নদী নিয়ে আলোচনার জন্য চলতি বছরেই যৌথ নদী কমিশনের বৈঠক হতে পারে। গতকাল ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা জানান।

পররাষ্ট্রসচিব বলেন, দুই দেশের জয়েন্ট রিভার কমিশনের বৈঠক অনেক দিন হয় না। এ বছর বৈঠক হতে পারে। আমাদের অনেক অভিন্ন নদী আছে এবং একই সঙ্গে অন্যান্য নদীর বিষয়েও অগ্রগতি আছে। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তিস্তার ক্ষেত্রে টেকসই সমাধানের জন্যও কাজ করব।

তিনি বলেন, এয়ার বাবলের আওতায় দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরুর বিষয়ে কাজ চলছে। আমরা কিছু অনুরোধ করেছি, তারা ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করি, যারা মেডিক্যাল রোগী ও তাদের সঙ্গীরা যেতে পারবেন। পেঁয়াজ আমদানির বিষয়ে সচিব বলেন, প্রথম বৈঠকে নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে আলোচনা করিনি।

অন্যদিকে ভারতের হাইকমিশনার বলেন, প্রতিবেশী ও অংশীদার হিসেবে আমাদের আরো ভালো কিছু করার আছে। কয়েক ধরনের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ রয়েছে। তবে এগুলো পাঠানো নিয়ে কিছু সমস্যা আছে। সীমান্ত অঞ্চলে কোভিডের কারণে বন্দরগুলো উন্মুক্ত হয়নি। এজন্য আমরা চেন্নাই থেকে জাহাজে করে পেঁয়াজ পাঠানোর জন্য সুপারিশ করেছি।