ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের আনন্দ মিছিল

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০০:২০

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অধ্যাদেশ জারি হওয়ায় আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। আনন্দ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।

মিছিলপরবর্তী সমাবেশে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড করতে সবার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জয় বলেন, আমরা কৃতজ্ঞ, আমরা ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের যে অনুরোধ ছিল প্রাণপ্রিয় নেত্রী তা রেখেছেন। বাংলাদেশ ছাত্রলীগ পরিবার দেশরত্ন শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।