ভাটারায় মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০১:১০

রাজধানীর ভাটারায় আল মাদরাসাতুল মঈনুল ইসলাম নামে একটি মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে তাবলীগ জামায়াতের বিবাদমান সাদ সমর্থক ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা নিরসন বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ভাটারার ছোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকায় মাদ্রাসাটি স্থানীয়ভাবে মঈনুল মাদ্রাসা নামে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, চলতি বছর মাদ্রাসাটির দখল, পাল্টা দখল নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে ঝামেলা চলে আসছিল। সর্বশেষ মাদ্রাসার নিয়ন্ত্রণ ছিল জুবায়েরপন্থীদের কাছে। মঙ্গলবার রাত ৮টার পর সাদপন্থী শতাধিক ব্যক্তি মাদ্রাসাটির নিয়ন্ত্রণ নিতে যায়। তখন সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পক্ষ বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। অপর পক্ষ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তা প্রতিরোধ করে ইটপাটকেল ছুটতে থাকে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের  চেষ্টা চালায়। 

পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিন চৌধুরী বলেন, মাদ্রাসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষেরই কয়েকজন আহত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ইত্তেফাক/ইউবি