পঞ্চগড়ে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৫:৪৩

পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের গড়েরডাঙ্গা বাজার সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বোদা থানা পুলিশ পুকুর থেকে লাশ উত্তোলন করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

পুলিশ জানায়, স্থানীয় লোকজন পুকুরে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে বেংহারী বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে অবহিত করে। পরে স্থানীয় চেয়ারম্যান বোদা থানা পুলিশকে অবহিত করে। বোদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বেংহারী বনগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ‘স্থানীয়ভাবে ওই ব্যক্তিকে কেউ চিনতে পারেননি। তবে দুয়েকদিন আগে তাকে এলাকায় স্থানীয় লোকজন ঘুরে বেড়াতে দেখেছেন বলে জানান।

আরও পড়ুনঃ মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহতের প্রতিবাদে মানববন্ধন

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পাগল বলে স্থানীয় লোকজন বলছে। লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বোদা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু