সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানের ডালি’র ভার্চুয়াল প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হলো রাজধানীর কারওয়ান বাজারে গানের ডালির প্রধান কার্যালয়ে। মূলত একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের নতুন পাঁচটি গান সম্পর্কে বিষদ আলোচনা নিয়েই এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন এবং অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ সরাসরি অনলাইনে অংশগ্রহণ করেন। বাংলাদেশে এই ধরনের প্রেস কনফারেন্স এবারই প্রথম। অনুষ্ঠান কার্যালয়ে সরাসরি উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ার ও সঙ্গীতশিল্পী মনির খান। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন নন্দিত উপস্থাপিকা শান্তা জাহান। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী, সংগীত পরিচালক কুমার বিশ্বজিত্। এছাড়াও অনলাইনে যুক্ত হন পাঁচটি গানের শিল্পীদের মধ্যে দিঠি আনোয়ার, সংগীত পরিচালক আহমেদ কিসলু, শফিক তুহিন। অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গানের ডালির কর্ণধার সৈয়দ দীলিপ ও প্রধান নির্বাহী শাহ্ আমীর খসরু এই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।
গাজী মাজহারুল আনোয়ার বলেন, এই ধরনের প্রেস কনফারেন্সে এবারই প্রথম আমার অংশগ্রহণ। সত্যি বলতে কি—করোনার এই সময়ে এসে গানের ডালির এই আয়োজন ভীষণ প্রশংসার দাবি রাখে। আমি আয়োজকদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।
গাজী মাজহারুল আনোয়ারের লেখা পাঁচটি গান যে শিল্পীরা গেয়েছেন তারা হলেন— মনির খান, দিঠি আনোয়ার, কণা, ন্যান্সি ও ইমরান। আগামী বছরের শুরুতে গানগুলো একে একে গানের ডালির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
