ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে এক কৃষকের প্রায় এক বিঘা জমির শতাধিক ফলন্ত কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে গাছগুলো কাটা হয়। ঘোড়ামারা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মকিদুল ইসলাম জানান, অন্যের জমি লিজ নিয়ে তিনি বিজয়পুর গ্রামের মাঠে এ বছর কলার আবাদ করেছিলেন। আর কিছু দিনের মধ্যেই কলা বিক্রি করতেন। কিন্তু মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার শতাধিক কলাগাছ কেটে দিয়েছে। সকালে খেতে গিয়ে গাছ ও কলার কাদি মাটিতে পড়ে থাকতে দেখেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
