তুরস্ক অবস্থান বদলালেই আজারবাইজান থামবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:২৭

আজারবাইজানের সঙ্গে সংঘাতের জন্য ফের তুরস্ককে দায়ী করেছে আর্মেনিয়া। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান রয়টার্সকে বলেছেন, তার বিশ্বাস, তুরস্ক অবস্থান বদলালেই আজারবাইজান কারাবাখে সামরিক পদক্ষেপ স্থগিত করবে।

রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতিতে একমত হওয়ার পর এটিই আর্মেনীয় প্রধানমন্ত্রীর প্রথম কোনো সাক্ষাত্কার। তবে আংকারা তার অবস্থান পরিবর্তন করবে এমন কোনো ইঙ্গিত অবশ্য রয়টার্সকে দিতে পারেননি নিকোল পাশিনিয়ান। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তুরস্কের অবস্থান পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত আজারবাইজান থামবে না। তারা সংঘাত থামাবে না।

নিকোল পাশিনিয়ান বলেন, যুদ্ধবিরতির আলোচনার আগেই তুরস্ক প্রকাশ্যে আজারবাইজানকে সমর্থন দিয়েছে। এর মানে দাঁড়ায়, তারা আজারবাইজানকে লড়াই চালিয়ে যেতে বলছে। চুক্তির পরও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আজেরি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন।

এদিকে তুরস্ক হুঁশিয়ারি জানিয়ে বলেছে, প্রতিবেশী আজারবাইজানের বেসামরিক নাগরিকদের ওপর হামলার মূল্য দিতে হবে আর্মেনিয়াকে। সোমবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর এমন মন্তব্যের এক দিন পরই মঙ্গলবার এ সংঘাতের জন্য আংকারাকে দায়ী করেন আর্মেনীয় প্রধানমন্ত্রী।