বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আগামী ২৭ অক্টোবর। গতকাল বুধবার দুপুরে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান রায়ের এ তারিখ ঘোষণা করেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হয়। এতে মিন্নিসহ ছয় জনকে মৃত্যুদণ্ড এবং চার জনকে বেকসুর খালাস দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সব আসামির পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গতকাল আদালতে উপস্থাপিত রাষ্ট্রপক্ষের যুক্তিখণ্ডন শেষে রায়ের এ দিন ধার্য করেন আদালতের বিচারক।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার নারী ও শিশু আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার এ মামলার যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন করা হয়। যুক্তিতর্ক শেষ হলে আদালত আগামী ২৭ অক্টোবর এ মামলার রায়ের দিন ধার্য করে। একই সঙ্গে এ মামলায় জামিনে থাকা আট আসামিকে নিজ নিজ আইনজীবীর জিম্মায় ফের জামিন মঞ্জুর করা হয়েছে। এদিকে মামলার ধার্য তারিখ থাকায় গতকাল সকালে জামিনে থাকা আট অপ্রাপ্তবয়স্ক আসামি আদালতে হাজির হয় এবং বরগুনা কারাগারের শিশু ওয়ার্ডে থাকা অপ্রাপ্তবয়স্ক ছয় আসামিকেও আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
