‘অস্ত্র সরবরাহকারী ভোলাকে জিজ্ঞাসাবাদ করা গেলে অনেক কিছু জানা যাবে’

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২২:৫১

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার তদন্ত অগ্রগতি অন্যতম আসামি ভোলাকে জিজ্ঞাসাবাদের ওপর আটকে আছে। মিতু হত্যায় ব্যবহূত অস্ত্রটি এহেতেশামুল হক ভোলা সরবরাহ করেছেন বলে পুলিশের দাবি। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে মিতু হত্যায় পরিকল্পনাকারী হিসেবে নাম আসে বাবুল আক্তারের সোর্স মুছার। মুছা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ফলে এখন অস্ত্র সরবরাহকারী ভোলাকে জিজ্ঞাসাবাদ করা গেলে হত্যাকাণ্ডের বিষয়ে অনেক কিছু জানা যাবে বলে তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন। কিন্তু ভোলাকে জিজ্ঞাসাবাদে আদালতের অনুমতির প্রয়োজন।

সবশেষ গত ৫ সেপ্টেম্বর মামলার আসামি শাহজাহান মিয়াকে দুই দিনের রিমান্ডে এবং মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম ও আনোয়ারকে জেল গেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি।

মিতু হত্যার চার বছর পেরিয়ে গেলেও চার্জশিট দিতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত মামলাটির তদন্তভার আদালতের নির্দেশে গত জানুয়ারি মাসে পিবিআইকে দেওয়া হয়। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুদ্দিন ইত্তেফাককে বলেন, মূল পরিকল্পনাকারী মুছা পলাতক থাকায় অস্ত্র সরবরাহকারী এহেতেশামুল হক ভোলাকে জিজ্ঞাসাবাদ জরুরি। সে কীভাবে অস্ত্র কিনেছে কে তাকে টাকা দিয়েছে কার নির্দেশে সে অস্ত্র সরবরাহ করেছে তা মামলার অগ্রগতির স্বার্থে জানা প্রয়োজন। ভোলাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে প্রায় দুই মাস আগে আবেদন করেছি। কিন্তু জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া যাচ্ছে না। শাহজাহান মিয়া, মোতালেব মিয়া ও মো. আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি।’

উল্লেখ্য,২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর ওআর নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন।

পিবিআইর তদন্ত সংশ্লিষ্টরা দুটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে। কামরুল ইসলাম সিকদার ওরফে মুছা কেন প্রধান পরিকল্পনাকারী হলো আর এখানে তার কি স্বার্থ? ঘটনায় কারো ইন্দন আছে কি না? মুছার নেপথ্যে কে? আর বাবুল আক্তারের শ্বশুর শুরুতে মেয়ের জামাই বাবুল আক্তারকে দোষারোপ না করলেও পরে কেন তাকে অভিযুক্ত করছেন?